শিক্ষার মানোন্নয়নে বহরপুর উচ্চ বিদ্যালয়ে দিন ব্যাপী বিশেষ মতবিনিময় সভা
- প্রকাশের সময় : ০১:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 3
শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল ও শৃঙ্খলা বৃদ্ধি এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও কার্যকর করার লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর উচ্চ বিদ্যালয়ে বিশেষ মতবিনিময় সভা।
শনিবার (আগস্ট ২০২৬) সকাল ১০টায় শুরু হয়ে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে পরিচালনা পর্ষদের আয়োজনে দিনব্যাপী আলোচনা সভা চলমান রয়েছে ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বহরপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রুবেল মাহমুদ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মমতাজ আক্তার তানিয়া এবং বহরপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি মো. আনোয়ার হোসেন।
সভায় সভাপতিত্ব করেন বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম গাজী।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের গুণগত মান বৃদ্ধি, পরীক্ষার ফলাফল উন্নয়ন, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা আলোচনায় অংশ নিয়ে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল নয় একজন শিক্ষার্থীকে জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে বিদ্যালয়, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগাতে নিয়মিত পাঠদান ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মান আরও এগিয়ে নিতে ভবিষ্যতে কার্যকর ও বাস্তবভিত্তিক বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।























