কালীগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
- প্রকাশের সময় : ০১:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 6
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে এক সন্দেহভাজন চোর নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে আহত ব্যক্তিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় নিলুফা বেগম জানান, গভীর রাতে দুই ব্যক্তি গরু চুরির উদ্দেশ্যে তার বাড়িতে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করে আটক করেন।
এ সময় উত্তেজিত জনতা দুজনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন এবং অপরজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





















