আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
- প্রকাশের সময় : ০১:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 10
শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন নাহার তিশা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইনজীবীর মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ১২ জুলাই তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন একই আদালত।
তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৫ সালের নভেম্বরে মামলাটি করা হয়। পরে আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। সম্প্রতি ডিবির দেওয়া সেই প্রতিবেদন আদালত আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৫ নভেম্বর একই আদালতে অ্যাপোনিয়ার ফ্যাশনের নির্বাহী মো. আমিনুল ইসলাম মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়, তানজিন তিশা একজন পরিচিত মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা। তিনি অ্যাপোনিয়ার অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের শাড়ি দেখার পর একটি শাড়ি পছন্দ করেন। শাড়িটির বাজারমূল্য ছিল ২৮ হাজার ৮০০ টাকা। পরে শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়।
মামলায় আরও বলা হয়, শাড়িটি গ্রহণের পর তানজিন তিশা বিভিন্ন ভয়েস মেসেজ ও মেসেজের মাধ্যমে শাড়িটি পরে অ্যাপোনিয়ার পেজের প্রচারে সহযোগিতা করার আশ্বাস দেন। পেজ কর্তৃপক্ষও তাকে শাড়িটি পরে প্রচারণায় অংশ নেওয়ার জন্য বিভিন্নভাবে অনুরোধ করে।
অভিযোগ অনুযায়ী, গত ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করার পর দীর্ঘ সময় পার হলেও তিনি শাড়িটি পরে পেজের প্রচার করেননি। এমনকি ছয় মাসেরও বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেননি বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বাদীপক্ষের অভিযোগ, তানজিন তিশা প্রতারণার মাধ্যমে বিশ্বাসভঙ্গ করেছেন। এ ঘটনায় মামলা গ্রহণের পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে ডিবি পুলিশকে নির্দেশ দেন আদালত।
ডিবির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের পর তা আমলে নিয়ে তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। সেই অনুযায়ী বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তিনি।



















