নওগাঁয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধুদের মিলনমেলা
- প্রকাশের সময় : ০৮:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / 17
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁয় বন্ধুদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে এ আয়োজন ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (১) নূর-ই আলম মিঠু। অনুষ্ঠানের আয়োজন করেন মিজানুর রহমান মিজান।
আয়োজনের অংশ হিসেবে নওগাঁর তাজের মোড় থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তাজের মোড়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত বন্ধুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন নূর-ই আলম মিঠু। তিনি বলেন, “এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এমন আয়োজন শৈশবের স্মৃতিকে নতুন করে মনে করিয়ে দেয়। কর্মব্যস্ত জীবনে পুরোনো বন্ধুদের একত্রিত হওয়ার সুযোগ খুব কমই হয়। এ ধরনের আয়োজন বন্ধুদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।”
তিনি আরও বলেন, “বন্ধুত্বের এই বন্ধন যেন আজীবন অটুট থাকে এবং সবাই যেন একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়ায়, সেটিই প্রত্যাশা।”
আয়োজক মিজানুর রহমান মিজান বলেন, “কর্মসূত্রে আমরা বিভিন্ন স্থানে থাকি। ঈদের সময় অনেকেই নওগাঁয় ফিরলেও সবার সঙ্গে একত্রিত হওয়ার সুযোগ হয় না। সেই চিন্তা থেকেই এই পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে, যাতে অন্তত বছরে একবার হলেও শৈশবের বন্ধুরা একসঙ্গে মিলিত হতে পারে।”
তিনি জানান, বন্ধুদের উৎসাহ ও সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে এবং ভবিষ্যতেও প্রতি বছর এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে মো. নিশান আলী, এস এম সুলতান মাহমুদ, মো. মুহিদুল ইসলাম, মাসুদ রানা, আইজুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মোস্তাক, ভুলু, শ্রী উজ্জ্বল, সুমন হোসেনসহ বিপুলসংখ্যক বন্ধু অংশ নেন।
পুনর্মিলনী অনুষ্ঠানটি পুরোনো বন্ধুদের মিলন, স্মৃতিচারণ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির এক আনন্দঘন আয়োজনে পরিণত হয়।
























