মানুষের যেকোনো বিপদে বিএনপি সরকার পাশে থাকবে : তথ্য প্রতিমন্ত্রী
- প্রকাশের সময় : ০৮:৩১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / 10
মানুষের যেকোনো দুর্যোগ ও বিপদে বিএনপি সরকার সব সময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বুধবার ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাদ্য বিতরণকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাঘবে নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। জনগণের কল্যাণে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানা সুযোগ-সুবিধা বাস্তবায়ন করছে।
প্রতিমন্ত্রী আজ উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরা এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির এবং খারুয়া ইউনিয়ন বিএনপি নেতা অলিউল্লাহ অলিসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।























