ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের
- প্রকাশের সময় : ১০:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 21
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে ‘উপযুক্ত সময়ে’ ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর অবরোধ আরোপের কথাও জানিয়েছেন তিনি।
রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার ধারণা ইরান আবার আলোচনায় ফিরতে বাধ্য হবে।
তিনি দাবি করেন, ইরানের হাতে এখন তেমন কোনো শক্ত অবস্থান নেই এবং যুক্তরাষ্ট্র যা চাইবে, শেষ পর্যন্ত তা মানতেই হবে।
পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কঠোর ভাষায় ট্রাম্প বলেন, ওয়াশিংটন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। প্রয়োজন হলে খুব অল্প সময়ের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। এমনকি এক দিনের মধ্যেই পুরো দেশকে অচল করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলেও দাবি করেন।
এদিকে তিনি হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর নজরদারি ও অবরোধের নির্দেশ দিয়েছেন বলে জানান। বিশেষ করে যারা ইরানকে টোল বা শুল্ক দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা আলোচনায় কোনো সমঝোতা না হওয়ার পরপরই ট্রাম্পের এই মন্তব্য আসে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবাহিত হওয়ায় এই অঞ্চলের উত্তেজনা বিশ্ববাজারে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।




















