রাণীশংকৈলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
- প্রকাশের সময় : ০৮:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / 42
কৃষি উৎপাদন বৃদ্ধি ও দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জওগাঁও এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও ব্রিজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ উন্নয়ন কাজের সূচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোদাল দিয়ে মাটি খননের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। ২০২৫-২০২৬ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রকল্প সূত্রে জানা যায়, ১ কোটি ৬ লাখ ৯৪ হাজার ২১৭ টাকা ব্যয়ে ৪.১৭ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি পুনঃখনন করা হবে। ভন্ডগ্রাম মৌজার শাহীবুর রহমানের জমি থেকে নন্দুয়ার জওগাঁও ব্রিজ পর্যন্ত খালটির কাজ চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়তে হতো। খালটি পুনঃখনন হলে শত শত একর জমি জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন, ফলে উৎপাদন বাড়বে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খাদিজা বেগম বলেন, “সরকারের লক্ষ্য দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। এই প্রকল্পের মাধ্যমে যেমন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, তেমনি কৃষি উৎপাদনও বাড়বে।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে স্বচ্ছতার সঙ্গে প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে, যাতে স্থানীয় জনগণ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারেন।


























