দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত রাণীশংকৈলের তরুণ
- প্রকাশের সময় : ০৭:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / 22
জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক তরুণ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় দেশটির জোহানেসবার্গের অদূরে কতলেহং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহান (২১) উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকন মাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি স্থানীয় একটি দোকানে কর্মরত ছিলেন।
ঘটনার সময় সন্ধ্যার নামাজের পর এলাকায় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে চারদিকে অন্ধকার নেমে আসে। এ সুযোগে একদল সশস্ত্র দুর্বৃত্ত দোকানে ঢুকে সোহানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। জানা গেছে, যে দোকানে সোহান কাজ করতেন, সেই বাংলাদেশি মালিকের সঙ্গে পাশের এক সোমালি নাগরিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার সকালে মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশ সদস্যদের নিহতের বাড়িতে পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চপর্যায়ের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।























