নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে : সেনাসদর
- প্রকাশের সময় : ০১:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 142
আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনাসদর। আগের নির্বাচনে যেখানে সর্বোচ্চ ৪০–৪২ হাজার সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী এলাকায় অবস্থান করতেন, সেখানে এবার প্রথমবারের মতো ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি দেওয়া হয়েছে। ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত ও আস্থা ফিরিয়ে আনতেই বাড়তি এই মোতায়েন জোরদার করা হয়েছে, যা ২০ জানুয়ারি থেকে কার্যকর রয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, আগের নির্বাচনগুলোতে সর্বোচ্চ ৪০–৪২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছিল এবং তারা দূরবর্তী এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করতেন। এবার ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, তা মাথায় রেখে সেনাবাহিনী প্রধান ন্যূনতম প্রয়োজনীয় সদস্য রেখে বাকিদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করেছেন।
তিনি আরও জানান, প্রয়োজনীয় যানবাহনের ঘাটতি থাকায় অসামরিক প্রশাসনের কাছে সহায়তা চাওয়া হয়েছে। তা না পাওয়া গেলে ভাড়া করা যানবাহনের মাধ্যমে টহল কার্যক্রম চালানো হচ্ছে। সেনাসদস্যরা দিনরাত টহল পরিচালনা করছেন ভোটারদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে।





















