রিয়াদের আকাশে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস, ক্ষতিগ্রস্ত স্কুল ও চিকিৎসাকেন্দ্র
- প্রকাশের সময় : ১০:৫০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / 7
সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী। তবে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে রিয়াদের একটি স্কুল ও একটি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বেসামরিক স্থাপনা ও জরুরি সেবাসংশ্লিষ্ট অবকাঠামোর বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিবৃতিতে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের হামলা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবে হামলার মাত্রা বাড়িয়েছে। বৃহস্পতিবার রিয়াদে ক্ষেপণাস্ত্র ধ্বংসের কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনি সামরিক জোট জানায়, রিয়াদকে লক্ষ্য করে ছোড়া দুটি এবং খামিস মুশাইতকে লক্ষ্য করে ছোড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
এর আগে বুধবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই হামলায় তিনজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।
সূত্র: আরব নিউজ





















