প্রতিবন্ধীদের বিদ্যালয় ‘স্বপ্নডানা’র ভিত্তি প্রস্তর স্থাপন
- প্রকাশের সময় : ০৭:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 120
রাজবাড়ী শহরের বিনোদপুর শিশু পরিবার সংলগ্ন এলাকায় প্রতিবন্ধীদের বিদ্যালয় ‘স্বপ্নডানা’র ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তুর স্থাপন করেন।
ভিত্তি প্রস্তুর স্থাপনকালে উপস্থিত ছিলেন রাজবাড়ীর স্থানীয় সরকার উপপরিচালক ড. মো. মাহমুদুল হক, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্বপ্নডানা প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রতিবন্ধীতা কোনো অক্ষমতা নয়, এটি ভিন্নতা। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমাদের শিশুরা দেশের ভবিষ্যৎ, তাদের যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে আমরা একটি উন্নত ও সমৃদ্ধিশালী জাতি গঠন করতে পারি। এই বিদ্যালয়টি প্রতিবন্ধী শিশুদের শারীরিক, মানসিক ও শিক্ষাগত বিকাশে সহায়ক হবে। এখানে শুধু বই-খাতা নয়, আমরা তাদের আত্মবিশ্বাস ও স্বাবলম্বী হওয়ার পাঠ দেবো। সমাজের সকল স্তরের মানুষকে প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অংশ, তাদের বাদ দিয়ে কোনো উন্নয়নই পূর্ণতা পাবে না। প্রতিবন্ধী শিশুরা আর পিছিয়ে থাকবে না, তারা সমাজের মূল স্রোতে মিশে যাবে। আসুন, আমরা সবাই মিলে এই শিশুদের স্বপ্ন পূরণের সারথী হই।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর মো. হাফিজুর রহমান জানান, রাজবাড়ী জেলা পরিষদ, রাজবাড়ী পৌরসভার সহযোগিতায় স্বপ্নডানা বিদ্যালয় নির্মিত হবে। জেলার প্রতিবন্ধী শিশু-কিশোররা এখানে পড়াশোনা করে নিজেকে গড়ে তুলতে পারবে।

























