পাংশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

- প্রকাশের সময় : ০৫:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 191
রাজবাড়ীর পাংশা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
এ সময় পাংশা উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌরসভাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
সকাল ৯টায় পাংশা জর্জ স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক। এ সময় উপস্থিত ছিলেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।
























