সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহত
- প্রকাশের সময় : ১১:০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 192
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার ভোর ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন— এআইইউবির ছাত্র ইরাম রেদওয়ান (২৫) এবং ইউআইইউর ছাত্র অপু আহমেদ (২৫)।
তাদের সহপাঠী তাওসিফ জানান, গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ময়লার গাড়িটি ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর প্রথমে অপু ও কিছুক্ষণ পর ইরাম মারা যান।
ঘটনার পর সিটি করপোরেশনের গাড়িটি (ঢাকা মেট্রো শ-১৪০৫৭৪) পুলিশ জব্দ করেছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক শিক্ষার্থীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ডেমরা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

























