১৭ ঘণ্টা পরও উদ্ধার হয়নি স্বাধীন, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ

- প্রকাশের সময় : ১০:১৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / 218

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে এখনও উদ্ধার করা যায়নি। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গর্তে পড়ে যাওয়ার পর থেকে টানা উদ্ধার অভিযান চালিয়ে আসছে ফায়ার সার্ভিস। নলকূপের পাশেই প্রায় ৩০ ফুট গভীর গর্ত খনন শেষে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়েছে সুড়ঙ্গ তৈরির কাজ।
রাতভর তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট স্কেভেটর দিয়ে খনন অভিযান চালায়। অবস্থান জানতে ফায়ার সার্ভিসের সদস্যরা কয়েক দফা ক্যামেরা নামালেও ওপর থেকে ধসে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখা যায়নি।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। সকাল থেকে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় বাড়ায় তা নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, গর্ত খনন শেষে সুড়ঙ্গ তৈরির কাজ চলছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।























