মনোনয়ন পেয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন খৈয়ম
- প্রকাশের সময় : ০৬:৪৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 100
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম পুনরায় দলীয় মনোনয়ন পেয়ে মঙ্গলবার সকালে বাবা, মা ও বড় ভাইয়ের কবর জিয়ারত করেছেন।
রাজবাড়ী পৌর এলাকার ২৮ কলোনি কবরস্থানে তার বাবা ডা. এ কে এম ওয়াহিদ, মা রাজিয়া বেগম ও বড় ভাই আল্লা নেওয়াজ খায়রুর কবর রয়েছে। মঙ্গলবার দুপুরে সেখানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তাদের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনা করেন।
কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ীর মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমি নির্বাচনী মাঠে কাজ শুরু করেছি। ধানের শীষের বিজয়ের মাধ্যমে রাজবাড়ীতে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, রাজবাড়ীর জনগণের প্রতিও আমি কৃতজ্ঞ। যারা সব সময় বিএনপির পাশে থেকেছে।
এসময় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, জেলা বিএনপি নেতা এ মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।





















