আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে: ট্রাম্প

- প্রকাশের সময় : ০১:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 100

রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে— যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব।
সোমবার (৩ নভেম্বর) সিবিএস নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। সাক্ষাৎকারটি জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ সম্প্রচার করা হয়।
ট্রাম্প বলেন, “রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও চালাচ্ছে— কিন্তু তারা এসব নিয়ে প্রকাশ্যে কিছু বলে না। আমরা একমাত্র দেশ যারা এখনো পরীক্ষা চালাচ্ছি না। আমি চাই না আমরা সেই একমাত্র দেশ হয়ে থাকি যারা পরীক্ষা করে না।”
তিনি আরও বলেন, “অস্ত্র তৈরি করে পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। আপনি অস্ত্র বানালেন, কিন্তু পরীক্ষা করলেন না— তাহলে জানবেন কীভাবে এটি কাজ করছে কিনা?”
সাক্ষাৎকারে সিবিএস নিউজের উপস্থাপিকা নোরা ও’ডনেল যখন বলেন, বর্তমানে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে, তখনই ট্রাম্প পাল্টা জবাবে রাশিয়া ও চীনের গোপন কার্যক্রমের কথা উল্লেখ করেন।
সম্প্রতি ট্রাম্প প্রশাসন ৩০ বছরেরও বেশি সময় পর আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা নিয়ে গর্ব প্রকাশ করে ট্রাম্প বলেন, “আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে— যা আর কোনো দেশের নেই। রাশিয়া দ্বিতীয় স্থানে, আর চীন অনেক পিছিয়ে। তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছে যেতে পারে।”
তিনি বলেন, “আমাদের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, যা পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করে দিতে পারে। রাশিয়ারও অনেক অস্ত্র আছে, আর চীনও দ্রুত এগোচ্ছে।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের পারমাণবিক নীতি ও বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি নতুন বিতর্ক তৈরি করতে পারে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষায় সংযমী অবস্থান নিয়েছিল।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে এবং রাশিয়া ও চীনের কর্মকাণ্ডের জবাবে নিজেদের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে।

























