রাজবাড়ীর কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

- প্রকাশের সময় : ০৫:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / 212

“সম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল জব্বার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ।
সভায় উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক মোহাম্মদ আলী ভূঁইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, শিক্ষক কর্মচারী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সমবায়ী তৃপ্তি রাণী শাহা প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল জব্বার। তিনি বলেন, সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে বলেন, “মানুষ খাটো হয় কোথায়? যেখানে সে দশজনের সঙ্গে ভালো করিয়া মিলিতে পারে না। পরস্পরে মিলিয়া যে মানুষ, সেই মানুষই পূরা— একলা মানুষ টুকরা মাত্র।”
তারা বলেন, সমবায় আন্দোলনের মূল দর্শনই হলো একতার শক্তিতে উন্নয়ন। সবাই মিলে কাজ করলেই টেকসই সমৃদ্ধি অর্জন সম্ভব।
আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি ও চারজন শ্রেষ্ঠ সমবায়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
























