ট্রান্সফরমার বিস্ফোরণে ৮ মাদ্রাসাছাত্রী দগ্ধ
- প্রকাশের সময় : ১২:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / 95
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ট্রান্সফরমার বিস্ফোরণে বড় হুজুর বাড়ি দারুল নাজাত মহিলা মাদ্রাসার আটজন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। এর মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে এবং তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। রাতে দগ্ধ শিক্ষার্থীদের ঢাকার বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
দগ্ধরা হলেন—সাদিয়া আক্তার (১২), রুবাইয়া (৯), আয়মান (৬), নুসরাত (১০), আলিয়া (৩০), তুইবা (৬), রওজা (১৩) ও আফরিন (১৩)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সাদিয়ার ১৩ শতাংশ, আলিয়ার ১৪ শতাংশ, আফরিনের ৫ শতাংশ, রুবাইয়ার ৫ শতাংশ, আয়মানের ২ শতাংশ, নুসরাতের ৩ শতাংশ, তুইবার ৩ শতাংশ ও রওজার ৩ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি বলেন, “পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
দগ্ধ আফরিনের মামা মো. আনোয়ার জানান, বিকেলে মাদ্রাসার পাশে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হলে আগুনের ফুলকি মাদ্রাসার ভবনে ঢুকে শিক্ষার্থীরা দগ্ধ হয়। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।




















