নওগাঁয় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের ষান্মাসিক সভা অনুষ্ঠিত

- প্রকাশের সময় : ০৯:৩৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 7

নওগাঁয় ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)’ প্রকল্পের ষান্মাসিক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় আরএনবি-এনএস সম্মেলনকক্ষে জেলা ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) বাস্তবায়নাধীন গেটকা প্রকল্পের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। এতে ফোরামের সদস্যরা অংশ নেন।
জেলা ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের চেয়ারপারসন মো. ফজলুল হকের সভাপতিত্বে সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন বিএসডিও-গেটকা প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. আতাউর রহমান।
সভায় পরামর্শমূলক বক্তব্য দেন জেলা ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মহাদেবপুর উপজেলা লোকমোর্চা কমিটির চেয়ারপারসন ও সাংবাদিক লিয়াকত আলী বাবলু এবং মান্দা উপজেলা লোকমোর্চা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী।
বক্তারা গেটকা প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও প্রভাব থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা এবং ন্যায্যতার ভিত্তিতে তাদের প্রয়োজনীয় সেবা প্রাপ্তি নিশ্চিত করতে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও প্রচারাভিযান জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিএসডিও ও ওয়েভ ফাউন্ডেশন অংশীদারত্বের ভিত্তিতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরি সহায়তায় নওগাঁর সাপাহার, মহাদেবপুর ও মান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে ৩০ মাস মেয়াদি গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে।






















