দক্ষতা ও জনমূখী কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছেন ইউএনও মহুয়া আফরোজ
- প্রকাশের সময় : ০৪:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 92
রাজবাড়ীর কালুখালী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মহুয়া আফরোজ। ২০২৪ সালের ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার কাজের দক্ষতা, মার্জিত আচরণ ও জনমুখী কর্মকাণ্ড স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে।
মহুয়া আফরোজ উপজেলা ও ইউনিয়নের প্রতিটি অঞ্চলে নিয়মিত খোঁজখবর নেন। যেকোনো অভিযোগ বা অনিয়মের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। গণমাধ্যম, ফেসবুক ও ফোনের মাধ্যমে প্রাপ্ত অভিযোগ দ্রুত সমাধান করে তিনি সব শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করেছেন।
বিগত এক বছর ছয় মাসে মহুয়া আফরোজের নেতৃত্বে কালুখালী উপজেলায় নাগরিক সেবার মান বৃদ্ধি পেয়েছে। তিনি উপজেলা প্রশাসন ও পরিষদের কাজের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাটি কাটার নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার মতো কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা পরিচালনায় তার উদ্যোগ প্রশংসিত হয়েছে।
উপজেলার সাধারণ মানুষ ও প্রশাসনিক কর্মকর্তা মহুয়া আফরোজের সততা, পরিশ্রম এবং জনগণের সেবা নেয়ার দৃষ্টিভঙ্গিকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
মহুয়া আফরোজ বলেন, “আমার দায়িত্ব জনগণের সেবা করা। যোগদানের দিন থেকেই বলেছি, এই উপজেলা আমার। প্রতিটি নাগরিককে শতভাগ সেবা প্রদানের চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”























