চট্টগ্রাম ইপিজেডে আগুনে ধসে পড়ছে কারখানার ভবন
- প্রকাশের সময় : ০৭:৫৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 105
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ কারখানার ভবনটি ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধসে পড়ছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন।
তিনি জানান, ভবনের ৮ তলার উপরের একটি অংশ ধসে পড়ে, পরে ধীরে ধীরে উভয় দিক থেকেই ভবনটি ভেঙে পড়তে থাকে। সিইপিজেডের অভ্যন্তরের একটি পুকুর থেকে পানি টেনে এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
সিইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক আশেক মুহাম্মদ শাহাদাৎ হোসেন জানান, অ্যাডামস ক্যাপে ১ হাজার ৫০ জন শ্রমিক কাজ করতেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, শ্রমিকরা দ্রুত ভবন থেকে বের হয়ে আসেন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, আগুন ওপরের তলায় লাগায় শ্রমিকরা নিরাপদে বের হয়ে যান। এখন ফায়ার সার্ভিস আশপাশের ভবনগুলো রক্ষার চেষ্টা করছে।
ফায়ার ফাইটার আনোয়ার হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে একটি রোবট ব্যবহার করা হচ্ছে, যা স্বয়ংক্রিয়ভাবে পানি ছেটাচ্ছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ২৩টি ইউনিট কাজ করছে।




















