চুরির অপবাদে হোটেলকর্মীর চুল কেটে শরীরে পোড়া মবিল ঢেলে নির্যাতন
- প্রকাশের সময় : ১১:০০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 102
চট্টগ্রামের আনোয়ারায় মোবাইল চুরির অভিযোগে এক হোটেলকর্মীকে জনসমক্ষে চুল কেটে শরীরে পোড়া মবিল ঢেলে নির্যাতন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার কালাবিবি দীঘির মোড়ের টানেল রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ মাসুদ (৪৪) ও কর্মচারী মো. ফখরুদ্দিনকে (২৯) গ্রেফতার করে পুলিশ। নির্যাতিত যুবক (৩২) কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা এবং উক্ত রেস্টুরেন্টের কর্মী।
ভিডিওতে দেখা যায়, নির্যাতিত যুবকের মাথার চুল কেটে শরীরে পোড়া মবিল মাখানো হয়েছে এবং কয়েকজন লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। স্থানীয়দের দাবি, রেস্টুরেন্টের মালিকও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
রেস্টুরেন্টের মালিক মাসুদ জানান, পাঁচ দিন আগে ওই কর্মী একদিন কাজ করে সহকর্মীর দুটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম শহরের দেওয়ানহাট থেকে ধরে আনা হয় এবং রেস্টুরেন্টের কর্মীরা তার চুল কেটে দেয়। তবে তিনি দাবি করেন, মারধর করা হয়নি।
আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, “মোবাইল চুরির অভিযোগে কর্মচারীকে নির্যাতনের ঘটনায় রেস্টুরেন্টের মালিকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এটি দণ্ডনীয় অপরাধ, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মামলা প্রক্রিয়াধীন রয়েছে।























