নামজারির সহজ উপায় : ভুল এড়িয়ে ঘরে বসেই সমাধান
- প্রকাশের সময় : ১২:৫২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 333
জমি নামজারি বা মিউটেশন প্রতিটি জমির মালিকের জন্য অপরিহার্য আইনগত প্রক্রিয়া। জমি ক্রয়-বিক্রয় কিংবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বৈধভাবে নিজের নামে রেকর্ড করতে হলে নামজারি করতে হয়। কিন্তু সামান্য অসাবধানতা বা তথ্যগত ভুলের কারণে আবেদন স্থগিত কিংবা সরাসরি বাতিল হয়ে যায়। আবার অনেকেই দালালের কাছে গিয়ে বাড়তি খরচ ও হয়রানির শিকার হন। অথচ ঘরে বসেই সহজে অনলাইনে নামজারি করা সম্ভব।
নামজারি কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
নামজারি একটি আইনি প্রক্রিয়া, যার মাধ্যমে জমির মালিকানা পূর্বতন মালিক থেকে নতুন মালিকের নামে সরকারিভাবে রেকর্ডভুক্ত হয়। নামজারি না করালে ভবিষ্যতে জমি নিয়ে বিরোধ বা জালিয়াতির শিকার হওয়ার আশঙ্কা থেকে যায়।
নামজারি আটকে যাওয়ার সাধারণ ১১টি কারণ :
১. দলিলে দাগ নম্বর, খতিয়ান নম্বর বা নামের ভুল থাকা।
২. নিবন্ধনবিহীন দলিল দাখিল করা।
৩. পূর্ববর্তী খতিয়ানে বিরোধ বা মামলা চলমান থাকা।
৪. সব উত্তরাধিকার অন্তর্ভুক্ত না করা বা আপত্তি থাকা।
৫. আবেদনকারী বৈধ দলিলধারী না হওয়া।
৬. মালিকানা সংক্রান্ত তথ্য অসংগতি থাকা।
৭. ভূমি উন্নয়ন কর বকেয়া থাকা।
৮. জাল বা ভুয়া দলিল জমা দেওয়া।
৯. একই জমির ওপর একাধিক মালিকানা দাবি।
১০. জমি খাস বা সরকারি হওয়া।
১১. আবেদনপত্রে ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া।
এসব ভুল এড়াতে দলিল, খতিয়ান, ওয়ারিশান সনদ ও খাজনার রশিদসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সঠিকভাবে যাচাই করা জরুরি।
নামজারি করার প্রয়োজনীয় কাগজপত্র :
* দলিলের সার্টিফাইড কপি/মূল কপি
* এস এ/আর এস/ বি এস খতিয়ানের কপি
* ওয়ারিশান সনদ (যদি উত্তরাধিকার সূত্রে হয়)
* জাতীয় পরিচয়পত্র (NID)
* ছবি (জন্মনিবন্ধনের ভিত্তিতে আবেদন হলে)
* বায়া দলিলের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
* খাজনা/ভূমি উন্নয়ন করের রশিদ
* মোবাইল নম্বর
•
আবেদন প্রক্রিয়া :
১ম ধাপ: mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করুন। আবেদন শেষে কেস নম্বর এসএমএসে পাবেন।
২য় ধাপ: আবেদন ইউনিয়ন ভূমি অফিসে যাবে। তদন্ত শেষে উপজেলা ভূমি অফিসে পাঠানো হবে।
৩য় ধাপ: এসিল্যান্ড অফিস শুনানির তারিখ এসএমএসে জানাবে। শুনানি শেষে নির্ধারিত ফি পরিশোধ করে অনলাইনে কিউআর কোডসহ নামজারি কপি সংগ্রহ করতে পারবেন।
সময় ও খরচ :
* সময় লাগে সাধারণত ১৫–৩০ দিন
* সরকারি নির্ধারিত ফি : ১১৭০ টাকা
•
তিনটি উপায়ে অনলাইন নামজারি :
১. জমা ভাগ না করেই নামজারি (যৌথ মালিকানা): ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিতে যদি আপোষ বণ্টন না হয়, তবে ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ কায়েম সনদ, প্রয়োজনীয় কাগজপত্র ও জাতীয় পরিচয়পত্র অনলাইনে জমা দিয়ে সবাই মিলে যৌথভাবে নামজারি করা যাবে। এতে করে প্রত্যেকে তার অংশ অনুযায়ী মালিকানা পাবেন।
২. জমা ভাগ করে নামজারি (একক মালিকানা): ওয়ারিশগণ নিজেদের মধ্যে জমি ভাগ করে নিতে চাইলে আপোষ বণ্টননামা দলিল করতে হবে। এরপর সেই দলিলের ভিত্তিতে প্রত্যেকে তার নিজস্ব অংশে একক মালিকানার নামজারি করতে পারবেন।
৩. স্বয়ংক্রিয় নামজারি (অটোমেটেড সিস্টেম): বর্তমানে দেশের ২১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। সাবরেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রির সময়ই তথ্য এসিল্যান্ড অফিসে চলে যাবে এবং নতুন মালিকের নামে স্বয়ংক্রিয়ভাবে নামজারি হয়ে যাবে—আবেদন ছাড়াই। ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী জুলাই ২০২৫-এর মধ্যে দেশের সব উপজেলায় এ ব্যবস্থা চালু হবে।
সরকারি সতর্কতা ও পরামর্শ :
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রক্রিয়ায় দালাল বা তৃতীয় পক্ষের প্রয়োজন নেই। প্রতারণার শিকার না হতে সরাসরি www.land.gov.bd বা সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে তথ্য নিয়ে অনলাইন আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কতা ও অভিজ্ঞতা :
অসাধু কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি থেকে দূরে থাকতে পারবেন। সাধারণত তারা মানুষের ভূমি সংক্রান্ত অজ্ঞতাকে কাজে লাগিয়ে অতিরিক্ত টাকা দাবি করে থাকেন। নিজেরা সতর্ক থাকলে দালাল বা অসাধু কর্মকর্তার খপ্পরে পড়তে হবে না। অভিজ্ঞতায় দেখা যায় যারা ভূমির কাজ সংক্রান্ত অফিসিয়াল প্রক্রিয়া জানেন, তারা তুলনামূলকভাবে কম হয়রানির শিকার হন।
তথ্য ও সহায়তা :
যেকোনো তথ্যের জন্য কল সেন্টার 16122-এ যোগাযোগ করতে পারবেন।
প্রযুক্তি ব্যবহার করে নাগরিকরাই হতে পারেন নিজেদের জমির নিরাপত্তার সত্যিকারের অভিভাবক। তাই সঠিক কাগজপত্র সংরক্ষণ ও অনলাইন প্রক্রিয়ায় অংশ নিলে জমির মালিকানা দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্তভাবে নিশ্চিত করা সম্ভব।























