খাগড়াছড়িতে সড়ক অবরোধ, সাজেকে আটকা হাজারো পর্যটক

- প্রকাশের সময় : ১০:৫৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 113

খাগড়াছড়িতে এক নারীকে নির্যাতনের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’র ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। এতে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা ও পর্যটকরা।
সাজেক ভ্যালিতে প্রায় দুই হাজার পর্যটক আটকা আছেন বলে জানা গেছে। খাগড়াছড়ি-সাজেক পরিবহন কাউন্টারের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, শুক্রবার অন্তত ২০০ গাড়ি সাজেকে গেছে। শনিবারও গাড়ি ছাড়ার প্রস্তুতি ছিল, তবে প্রশাসনের অনুমতি ছাড়া যান ছাড়তে দেওয়া হচ্ছে না।
অবরোধকারীরা খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও পানছড়ি, দীঘিনালা, মহালছড়িসহ বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে ব্যারিকেড তৈরি করেছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর এলাকায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা হলে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন শয়ন শীলকে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে।

























