উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় টিকে আছে: রাশেদ খান
- প্রকাশের সময় : ০৪:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 87
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সরকারের সমালোচনা করে বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সহযোগিতার ওপর নির্ভরশীল। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সফরসঙ্গী করা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান লিখেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ জাতিসংঘ সফরে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিকে নিজেদের সুরক্ষার স্বার্থে সঙ্গে নিয়েছেন। সেখানে রাজনৈতিক নেতাদের কোনো কার্যকর ভূমিকা নেই। স্বাভাবিকভাবেই সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ দেখাতে পারত, হয়তো অপ্রীতিকর ঘটনারও আশঙ্কা ছিল।”
তিনি বলেন, “বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা ইতিমধ্যে নিরাপত্তার জন্য অবস্থান নিয়েছে। আওয়ামী লীগও সেখানে উপস্থিত। ধরুন রাজনৈতিক প্রতিনিধিরা না গেলে, বিএনপি-জামায়াত কি আসত? অর্থাৎ সরকারের উপদেষ্টারা যতই বড় কথা বলুক না কেন, তারা রাজনৈতিক দলগুলোর সহযোগিতাতেই টিকে আছেন।”
উপদেষ্টা পরিষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও মন্তব্য করেন, “বৈষম্য দূর করার লক্ষ্যে গঠিত এই পরিষদ বরং আরও বৈষম্য সৃষ্টি করেছে।”
রাশেদ খান জানান, জাতিসংঘ সফরে বিএনপির দুইজন এবং জামায়াত-এনসিপির একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত হওয়ায় জামায়াত ও এনসিপি সরকার থেকে সমতার দাবি তুলেছে। তাদের মতে, রাজনৈতিক প্রতিনিধিত্বে সমতা থাকলে আর কোনো দলের প্রয়োজন হবে না। এভাবেই সরকার ও রাজনৈতিক দলগুলো সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচারের বাংলাদেশ গঠনের দাবি করছে।
এসময় তিনি প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের সফলতা কামনা করেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রবিবার দিবাগত রাতে ঢাকা ত্যাগ করেন। সফরসঙ্গী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াত নেতা নকিবুর রহমান তারেক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা যুক্তরাষ্ট্রে গেছেন।




















