সাত বিভাগীয় শহরে আজ বিক্ষোভ মিছিল করবে জামায়াত
- প্রকাশের সময় : ০৯:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 95
আগামী জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তিনদিনের কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। এদিনের কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা নেতৃত্ব দেবেন।
জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল মহানগরের বিক্ষোভে নেতৃত্ব দেবেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রংপুর মহানগরে থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রামে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং সিলেটে নেতৃত্ব দেবেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
এছাড়া রাজশাহীতে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহে (মোমেনশাহী) সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং খুলনায় নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
জামায়াতের পাঁচ দফা দাবি
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
২. সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করতে হবে।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
৪. বর্তমান সরকারের গণহত্যা, জুলুম ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
ঘোষিত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মহানগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত।






















