১৬ বউ নিয়ে বিপাকে বন কর্মকর্তা, স্বামীর শাস্তি চাইলেন স্ত্রীরা
- প্রকাশের সময় : ০৮:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 114
বরিশাল বন বিভাগের উপ-বন সংরক্ষক (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে বহুবিবাহ ও নারী নির্যাতনের অভিযোগ তুলেছেন তার একাধিক স্ত্রী। অভিযোগে বলা হয়েছে, ওই কর্মকর্তার ১৬ থেকে ১৭ জন স্ত্রী রয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর নথুল্লাবাদে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে অংশ নেওয়া স্ত্রীদের অভিযোগ, কবির হোসেন যেখানে যেখানে চাকরি করেছেন, সেখানেই বিয়ে করেছেন। কিন্তু প্রতিটি স্টেশন ছেড়ে যাওয়ার পর আর সেই স্ত্রীদের খোঁজখবর নেননি। তাদের অনেকেই বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।
একজন স্ত্রী জানান, কবির হোসেন বরিশালে যোগ দেওয়ার পরও নতুন করে বিয়ে করার পরিকল্পনা করছিলেন। অন্যদিকে, তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে থানায় ও আদালতে একাধিক মামলা চলছে।
মানববন্ধনকারীরা দাবি করেন, “এ ধরনের বিকৃত মানসিকতার কর্মকর্তাকে বন বিভাগ থেকে অপসারণ করতে হবে। একইসঙ্গে সব স্ত্রীকে যথাযোগ্য মর্যাদা দিতে হবে এবং তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”
এ বিষয়ে জানতে মো. কবির হোসেন পাটোয়ারীর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের পরিচয় জেনে ‘মিটিংয়ে আছি’ বলে কল কেটে দেন।























