দেশব্যাপী বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু ১ সেপ্টেম্বর
- প্রকাশের সময় : ১২:৫০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / 275
দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া শুরু হবে। ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।
১ আগস্ট থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে চলবে টিকাদান শুরুর আগ পর্যন্ত।
ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, সেপ্টেম্বরের প্রথম ১০ কর্মদিবস স্কুলে ক্যাম্প করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর আট দিন ইপিআই সেন্টারে গিয়ে স্কুলে না যাওয়া বা ক্যাম্পে অনুপস্থিত শিশুদের টিকা নেওয়ার সুযোগ থাকবে।
জন্ম নিবন্ধন সনদ না থাকা শিশুদের বাবামায়ের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে এবং টিকা গ্রহণের তথ্য কাগজে দেওয়া হবে।
টিকাটি গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহায়তায় আসা এক ডোজের ইনজেকটেবল ভ্যাকসিন, যা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।
নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইট https://vaxepi.gov.bd/registration/tcv-এ গিয়ে তথ্য পূরণ করতে হবে। জন্ম নিবন্ধন নম্বর দিলে সঙ্গে সঙ্গেই ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যে, টাইফয়েড হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াজনিত সিস্টেমিক সংক্রমণ, যা সাধারণত দূষিত পানি বা খাদ্যের মাধ্যমে ছড়ায়। এর উপসর্গে রয়েছে দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। প্রাথমিক অবস্থায় উপসর্গ অস্পষ্ট হওয়ায় এটি অন্য জ্বরজনিত রোগ থেকে আলাদা করা কঠিন হয়।





















