রাজবাড়ী জেলা পুলিশের প্রেস ব্রিফিং
বালু উত্তোলন নিয়ে বাবা-চাচার দ্বন্দ্বে খুন হয় নিরব

- প্রকাশের সময় : ০৬:১৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / 159

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামে নিরব শেখ নামে এক কিশোরের হত্যারহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন নিয়ে বাবা-চাচার মধ্যে দ্ব›েদ্বর কারণে নিরবকে খুন করা হয়। ঘটনার সাথে জড়িত অভিযোগে পুলিশ মো. মিজান নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে কালুখালী উপজেলার বাগলপুর গ্রামের টেন্ডু শেখের ছেলে। রোববার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৩ মার্চ তারিখে কালুখালী উপজেলার বাগঝাপা সালেপুর এলাকার পদ্মা নদী থেকে কিশোর নিরব শেখের মরদেহ উদ্ধার করা হয়। তার কোমরে শিকল ও প্লাস্টিকের বস্তা বাঁধা ছিল। এর আগে ২০ মার্চ থেকে নিখোঁজ ছিল নিরব। এ ঘটনায় নিহতের বাবা জিয়ারুল শেখ বাদী হয়ে ওই দিনই কালুখালী থানার মামলা করেন। মামলার পর পুলিশ তদন্ত নামে।
ঘটনার পর নিরব বা তার বাবার সাথে কারো শত্রæতা ছিল কীনা তা তদন্ত করা হয়। একই সাথে তথ্য প্রযুক্তি প্রয়োগ করা হয়। এক পর্যায়ে তারা জানতে পারেন নিরবের বাবা জিয়ারুল শেখের দুই চাচাতো ভাই লিয়াকত শেখ এবং কাইয়ুম শেখের সাথে পদ্মা নদী থেকে বালু উত্তোলন নিয়ে দ্ব›দ্ব ছিল। জিয়ারুল শেখ পক্ষ নিয়েছিলেন লিয়াকত শেখের। একারণে অপর চাচাতো ভাই কাইয়ুম ক্ষিপ্ত ছিলেন জিয়ারুল শেখের প্রতি। এর প্রতিশোধ নিতে জিয়ারুলের ছেলে নিরবকে অপহরণ ও হত্যার পরিকল্পনা করে কাইয়ুম। পরিকল্পনা অনুযায়ী কাইয়ুম ও মিজান দুজনে মিলে নিরবকে অপহরণের পর হত্যা করে লাশ পদ্মা নদীতে ফেলে দেয়। মিজান কাইয়ুমের ঘনিষ্ঠ আত্মীয় বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, পুলিশ মিজানকে গ্রেপ্তারের পাশাপাশি নিহত নিরবের লুঙ্গি, স্যান্ডেল, হত্যায় ব্যবহৃত রশি, শিকল ইত্যাদি উদ্ধার করেছে। অপর অভিযুক্ত কাইয়ুমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) দেবব্রত সরকার, রাজবাড়ী ডিবি ওসি মফিজুল ইসলাম, কালুখালী থানার ওসি জাহেদুর রহমান প্রমুখ।






















