টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে ২ যুবকের মৃত্যু

- প্রকাশের সময় : ০৭:৫৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / 156

ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ বুধবার দুপুরে উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের অদূরে রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার কাইয়ুম (২৩) ও কসবা উপজেলার তারেক। এদের মধ্যে কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদের ওপর কয়েকজন টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ট্রেনটি রেলব্রিজ এলাকায় পৌঁছলে ডিসের তারের সঙ্গে পেঁচিয়ে চারজন নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। বাকিদের উদ্ধার করে কসবা ও ব্রাক্ষণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারেক নামে আরও একজন মারা যান।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

























