মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবার ছাড়লেন ‘ইয়াবা মনির’
- প্রকাশের সময় : ১১:৪৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / 115
মাদক বিরোধী সমাবেশে মুচলেকা ও মাইকে ঘোষণা দিয়ে মাদক সেবন ও কারবার ছাড়ার অঙ্গীকার করলেন ইয়াবা মনির খ্যাত মনির হোসেন।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী এক সমাবেশে এই ঘোষণা দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনির হোসেন (৫০) উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে মাদক কারবারে জড়িত ছিলেন।
এ কারণে ইয়াবা মনির নামে পরিচিতি লাভ করে তিনি। তবে নিজের ভুল বুঝতে পেরে মাদক ব্যবসা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিলেন তিনি।
ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কল্পবাস ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে কল্পবাস মাঠে এই মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও মিজানুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ মো: আবু তাহের।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ইউপি সদস্য মো: ছিদ্দিকুর রহমান।




















