পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত, আহত ২
- প্রকাশের সময় : ০৬:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / 193
রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল মন্ডল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই কিশোর। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের উদয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত রাসেল মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের বক্কার মন্ডলের ছেলে। আহতরা হলো একই এলাকার সোবহান মন্ডলের ছেলে ইমরান মন্ডল ও চর হরিণাডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে রনি। তারা দুজনেই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে তিন কিশোর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তাদের বহনকারী মোটরসাইকেলটি উদয়পুর এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের ঊদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাসেল মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনী ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন।


























