‘ভারত সম্পর্ক ভালো রাখতে চাইলে হাসিনাকে ফেরত দিতে হবে’
- প্রকাশের সময় : ০৭:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / 118
প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করতে হলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
তিনি বলেছেন, ‘আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক কী হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা বিতাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সঙ্গে আপনারা সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের ৬২ জন শহীদ পরিবারের মধ্যে ৪২ জনের পরিবারের প্রত্যেকে ৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
সারজিস আলম বলেন, ‘বাংলাদেশের সংবিধানকে একটি দেশ (ভারত) তাদের ইচ্ছেমতো করে দিয়েছে। এই বাংলাদেশের সামগ্রিক কাঠামো তাদের ইচ্ছেমতো। খুনি হাসিনা নির্লজ্জের মতো বাংলাদেশে উপস্থিত থেকে বলে- সে না কি ভারতকে যা দিয়েছে ভারত সারাজীবন মনে রাখবে। ’
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহরাব সিফাত, মোবাশ্বেরুজ্জামান, মাহিন সরকার, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান বক্তব্য রাখেন।
এসময় অন্যদের মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ শহীদদের স্বজনরা উপস্থিত ছিলেন।




















