শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজন কারাগারে

- প্রকাশের সময় : ০৮:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 4

রাজধানীর লালমাটিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল করার অভিযোগে গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
তাদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন এবং মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো অন্য ব্যক্তিরা হলেন আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে মোহাম্মদপুরের লালমাটিয়া মহিলা কলেজের সামনে কয়েকজন নারী ও পুরুষ মিছিল বের করেন। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা ছিলেন বলে পুলিশের দাবি।
এসময় স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে তারা সেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানার প্রদর্শন এবং সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়ার সময় আটক হওয়ার তথ্য পাওয়া যায়।
এসময় মিছিলে থাকা আরও ২০ থেকে ২৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসউদুর রহমান তিনজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় তাদের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত এখনো চলমান। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে রাখা প্রয়োজন। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদনও আদালতে পাঠানো হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে।

























