বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

- প্রকাশের সময় : ০৬:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 7

দিনাজপুরের বোচাগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলার ধনতলা ক্লাস্টারের উদ্যোগে ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এতে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবিব, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা।
সভায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অভিভাবকদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা এবং শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকদের প্রত্যাশা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। এ ধরনের মতবিনিময় সভা প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।






















