মজুরি বৃদ্ধির ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

- প্রকাশের সময় : ১২:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 7

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণা এলেও শ্রমিকদের অসন্তোষ কমেনি। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে তাঁরা অবরোধ সৃষ্টি করলে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকেরা।
বুধবার সকাল থেকে গাজীপুর মহানগরীর নাওজোর, চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও তিনসড়কসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। একই সঙ্গে শ্রীপুরের কয়েকটি এলাকাতেও শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এবং পরিস্থিতি বিবেচনায় আজকের জন্য বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে মঙ্গলবারও গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিন শ্রমিক অসন্তোষের কারণে ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল এবং পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। মঙ্গলবার শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল কোনাবাড়ী, জরুন, মৌচাক, ভোগড়া, মেম্বারবাড়ি ও বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায়।
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার রাতে বোর্ডের সভায় ভোটাভুটির মাধ্যমে এই নতুন মজুরি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

























