জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে

- প্রকাশের সময় : ০৭:৩২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 0

ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বাবার মরদেহ দাফনে বাধা দিয়েছেন এক ছেলে ও তিন মেয়ে। তাঁদের দাবি, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে দেবেন না। এ ঘটনায় প্রায় ১৩ ঘণ্টা ধরে বাড়িতে পড়ে রয়েছে ৮০ বছর বয়সী মাহাবুর তরফদারের মরদেহ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।
মাহাবুর তরফদার বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাহাবুর তরফদারের তিন ছেলে ও তিন মেয়ে। তাঁর বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার জোরপূর্বক বাবার কাছ থেকে জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে আসেন মেজ ছেলে বাক্প্রতিবন্ধী রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন। এ সময় তাঁরা বাবার মরদেহ দাফনে বাধা দেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হয়নি। প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত মরদেহ দাফন করতে দেবেন না বলেও জানান তাঁরা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই বছর ধরে রফিকুল তরফদার ও তাঁর তিন বোনকে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এ ঘটনায় তাঁরা আদালতে মামলাও করেছেন।
তবে বাবার জমি জোরপূর্বক রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার। তাঁদের দাবি, কোনো জোরজবরদস্তি করা হয়নি; বাবা নিজ ইচ্ছায় তাঁদের দুই ভাইয়ের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।






















