খাজাকে ক্রিকেটের ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স

- প্রকাশের সময় : ০৫:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 4

- ক্রিকেটের মাঠে বল বিকৃতির ঘটনা।
- ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা ধরা পড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ফ্যানি ডি ভিলিয়ার্সের।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ক্রিকেটের মাঠে বল বিকৃতির ঘটনা। আট বছর পেরিয়ে গেলেও সেই বিতর্কের রেশ যেন কিছুতেই কাটছে না। ২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সেই টেস্টকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে উসমান খাজার আত্মজীবনী। এবার অস্ট্রেলিয়ার সাবেক ওপেনারকে তুলাধোনা করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ফ্যানি ডি ভিলিয়ার্স। খাজাকে গত ৪০ থেকে ৫০ বছরে ক্রিকেটে দেখা ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বলেছেন ফ্যানি।
মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত
২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা ধরা পড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ফ্যানি ডি ভিলিয়ার্সের। ধারাভাষ্য দেওয়ার সময় বলের অস্বাভাবিক ব্যবহার তাঁর চোখে পড়ে। এরপর তিনি সম্প্রচারকারী দলের সদস্যদের অস্ট্রেলীয় ফিল্ডারদের দিকে ক্যামেরা তাক করে রাখতে বলেন। সেই ঘটনার আট বছর পর খাজার আত্মজীবনী ‘সবর’ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বইটিতে খাজা দাবি করেছেন, বল বিকৃতির পরিকল্পনার কথা পুরো অস্ট্রেলিয়া দলেরই জানা ছিল। এত দিন সতীর্থদের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকলেও এখন তা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ ডি ভিলিয়ার্স।
পার্থের রেডিও স্টেশন ৯১.৩ স্পোর্টএফএমকে দেওয়া সাক্ষাৎকারে ফ্যানি ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমি কথাটা রেকর্ডে রাখতে চাই, আমার মনে হয়, গত ৪০-৫০ বছরে ক্রিকেটের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক সম্ভবত খাজা। দলের আচরণবিধির প্রতিটি নিয়মই সে ভেঙেছে।’
‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ব্যানক্রফট
কৌশল ও দলগত বিশ্লেষণ
১৯৯৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক টেস্ট জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ফ্যানি ডি ভিলিয়ার্স। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ১১৭ রান। ডি ভিলিয়ার্স দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১১১ রানে অলআউট করে দেন। ম্যাচে তাঁর উইকেট ছিল ১০টি, পান ম্যাচসেরার পুরস্কার। ১৮ টেস্টের ক্যারিয়ারে নিয়েছেন ৮৫ উইকেট। বোলিং গড় ২৪.২৭। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৫ বার। ম্যাচে ১০ উইকেট ২ বার। এখন কাজ করছেন ধারাভাষ্যকার হিসেবে।
সেই ফ্যানি ডি ভিলিয়ার্সের অভিযোগ, খাজা সতীর্থদের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক ভেঙেছেন। ডি ভিলিয়ার্স বলেন, ‘সে তার সতীর্থদের বিক্রি করে দিয়েছে। এখানে ঠিক বা ভুলের প্রশ্ন নয়। ভুলের শাস্তি আগেই হয়েছে। ঘটনাটি অস্ট্রেলীয় ক্রিকেটের অংশ হয়ে গেছে। এমন ঘটনা ঘটেছিল, এটা দুঃখজনক। কিন্তু এই লোক আবার সবকিছু সামনে নিয়ে এসেছে।’ফ্যানি ডি ভিলিয়ার্সের কথা, ‘খাজা আবার অস্ট্রেলীয় ক্রিকেটকে অসম্মানের মুখে ফেলেছে। বন্ধুত্ব নষ্ট করেছে, দলের ভেতরের আচরণবিধি ভেঙেছে। যা কিছু ভুল বলে মনে করা হয়, এমন সবকিছুই সে করেছে।’
খাজার আত্মজীবনী ঘিরে বিতর্কের প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার বর্তমান দলেও। অধিনায়ক প্যাট কামিন্স সিডনিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে আগে থেকে তাঁর কিছু জানা ছিল না। তবে নতুন নতুন তথ্য সামনে আসায় কামিন্সের পদত্যাগের দাবি উঠেছে। একই সঙ্গে ২০১৮ সালের ঘটনা নিয়ে আবার তদন্তের দাবিও জোরালো হয়েছে।
























