বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া

- প্রকাশের সময় : ১১:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 0

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো: জিয়াউদ্দিন শিকদার জিয়া।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুসারে জিয়াউদ্দিন শিকদার জিয়াকে অন্যান্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও হামলার শিকার হয়েছেন জিয়াউদ্দিন শিকদার জিয়া।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন তিনি। বর্তমানে তিনি বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় নেতাকর্মীদের মতে, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য, রাজনৈতিক ত্যাগ ও প্রতিকূল পরিস্থিতিতে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই তার এ নিয়োগকে দেখা হচ্ছে। এ নিয়োগকে কেন্দ্র করে বরিশালের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া বলেন, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একইসাথে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও দলের আদর্শ ও সিদ্ধান্তের প্রতি অবিচল থেকেছি।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে হামলার শিকার হয়ে গুরুতর আহত হলেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে পিছপা হইনি। আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে পালনের চেষ্টা করব।
বরিশালকে পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। এ দায়িত্ব পালনে বরিশালবাসীসহ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। বাসস




















