আইনশৃঙ্খলা রক্ষায় জাতীয় ঐক্য ও জনগণের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

- প্রকাশের সময় : ১০:৪৯:২২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 2

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য ও জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার নয়; এ ক্ষেত্রে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
আজ জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নয়নে জনগণের অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানো হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনসম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন এলাকায় ৫০০টি ওপেন হাউস ডে এবং ৭ হাজার ৭৩৬টি উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে জনগণের অভিযোগ, সমস্যা ও অপরাধসংক্রান্ত তথ্য সরাসরি শোনা হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কমিটি এবং কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকার মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো ব্যক্তি বা দলের বাহিনীতে পরিণত করা হবে না। বাহিনীগুলোকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আইনের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ করছে সরকার। এর অংশ হিসেবে পুলিশের বিভিন্ন পদে ২৪ হাজার ৬৭৭টি পদ রাজস্ব খাতে সৃষ্টির প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গত বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে খুনের ঘটনা ছিল ২ হাজার ৯৩৮টি, চলতি বছরের একই সময়ে তা কমে ২ হাজার ৬৫১টিতে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, নাগরিক সেবা সহজ করতে অনলাইন ব্যবস্থার সম্প্রসারণ করা হয়েছে। গত নয় মাসে অনলাইনে ১৫ লাখ ৬৩ হাজার ৩৫৩টি সাধারণ ডায়েরি (জিডি) এবং ৭ লাখ ৭০ হাজার ৭৫৪টি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হয়েছে।
সীমান্ত পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৮২ জনকে পুশইন করা হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১৭ ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এ সংখ্যা ৩৭-এ নেমে এসেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের গুলিতে ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২২ জন বাংলাদেশি নিহত হন। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা ১২ জনে নেমেছে। এছাড়া সীমান্তে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের কার্যক্রমও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল ও সক্ষমতা বাড়াতে নিয়োগ, পদোন্নতি, আধুনিক সরঞ্জাম এবং যানবাহন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার প্রস্তাব একনেক অনুমোদন করেছে। পাশাপাশি বিভিন্ন পুলিশ স্থাপনা নির্মাণ ও সংস্কারের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ ও সহিংসতা প্রতিরোধে রাষ্ট্রের সব পর্যায়ের মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব হবে।
অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত উল্লেখ করে তিনি বলেন, ২০০৪ সালের ৪ জুন আওয়ামী লীগের হরতালে ঢাকায় বিআরটিসির একটি দোতলা বাসে গানপাউডার নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ১১ জন প্রাণ হারান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাদের বাড়িঘরে হামলার নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ শক্তি আর বাংলাদেশে রাজনীতি করতে ফিরে আসতে পারবে না।
এ ছাড়া সাম্প্রতিক অস্থিরতা ও শ্রমিক আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনায় তাদের সংশ্লিষ্টতার সুস্পষ্ট প্রমাণ সরকারের হাতে রয়েছে।























