মহাদেবপুরে অবৈধ পলিথিনবিরোধী ভ্রাম্যমাণ আদালত, দুই ব্যবসায়ীকে জরিমানা

- প্রকাশের সময় : ০৭:০৮:১১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 9

নওগাঁর মহাদেবপুরে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুটি দোকান থেকে জব্দ করা হয়েছে ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে মহাদেবপুর উপজেলার বকের মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ।
জানা গেছে, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে দুই দোকান মালিকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ৩০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয় এবং ভবিষ্যতে পলিথিন ব্যবহার না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। মহাদেবপুর থানা-পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক নিরাপত্তা সহযোগিতা প্রদান করে।
পরিবেশ সুরক্ষায় ও পলিথিনমুক্ত বাজার গড়তে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।























