গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা ও কামালের সম্পদ বাজেয়াপ্তের রায় কার্যকরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

বাসস
- প্রকাশের সময় : ০৫:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 13

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সমস্ত সম্পদ বাজেয়াপ্তের রায় বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের রায় কার্যকরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে। একই সঙ্গে ট্রাইব্যুনালের অন্যান্য রায়ে যাদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে সেগুলোর ক্ষেত্রেও মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ পলাতক আসামি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং তাঁর সমুদয় সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে বণ্টনের আদেশ দেন। দণ্ডিত পলাতক আসামিরা যেকোনো সময় তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তর, বিক্রয় বা ভোগের মাধ্যমে আদালতের আদেশ নিষ্ফল করার ঝুঁকি রয়েছে। তাই অনতিবিলম্বে শেখ হাসিনার সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে তা রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ জানানো হয়।
২০২৫ সালের ১৭ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন। রায়ে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়।
এর আগে ১৫ সেপ্টেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ অপর এক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনানকে মৃত্যুদণ্ড দেন। সেখানে প্রথম পাঁচজনের স্থাবর-অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করে তা জুলাই ফাউন্ডেশন বা বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে শহীদ ও আহত পরিবারের মাঝে ক্ষতিপূরণ হিসেবে বণ্টনের আদেশ দেওয়া হয়।
এছাড়া গত ২৯ অক্টোবর একই ট্রাইব্যুনাল কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড এবং অপর তিন আসামি সদর উদ্দিন খান, আসগর আলী ও আতাউর রহমানকে আমৃত্যু কারাদণ্ড দেন। সেই রায়েও দণ্ডিত আসামিদের স্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়।
Tag :

























