গুরুত্বপূর্ণ সংবাদ:
২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন, মন্ত্রিসভায় অনুমোদন

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 18

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ঘোষণা করা হলেও এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। ফলে কার্যকর সরকারি ছুটি থাকবে ২২ দিন।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে সাধারণ ছুটি থাকবে ১৫ দিন; যার মধ্যে ৪ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। অন্যদিকে বাংলা নববর্ষ ও ধর্মীয় উৎসব বিবেচনায় নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন; যেখানে ৩ দিন সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত। ফলে মোট ২৯ দিনের মধ্য থেকে ৭ দিনের সাপ্তাহিক ছুটি বাদ দিলে কার্যকর সরকারি ছুটি দাঁড়ায় ২২ দিনে।
এ ছাড়া সরকারি চাকরিজীবীরা নিজ নিজ ধর্মীয় উৎসব উপলক্ষে বছরে সর্বোচ্চ ৩ দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’ ও সমজাতীয় উৎসব উদযাপনে ২ দিনের বিশেষ ঐচ্ছিক ছুটির বিধানও রাখা হয়েছে।
Tag :
























