গুরুত্বপূর্ণ সংবাদ:
‘মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে আওয়ামী লীগ, জুলাই নিয়ে করছে আরেক দল’

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 23

মুক্তিযুদ্ধের চেতনা কিংবা জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার রাজনীতিতে বিএনপি বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
সোমবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নিজস্ব তহবিল থেকে অসচ্ছল মুক্তিযোদ্ধা ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে পুঁজি করে ব্যবসা করেছে, আর এখন আরেকটি দল জুলাই চেতনাকে নিয়ে ব্যবসা শুরু করেছে। বিএনপি কোনো চেতনা নিয়ে ব্যবসা করতে চায় না; বরং বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সবার যথাযথ রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে চায়।”
সরকারের উন্নয়ন ও কল্যাণমূলক পদক্ষেপ তুলে ধরে কায়কোবাদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার সন্তান, যিনি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে দিনে ১৮ ঘণ্টা কাজ করছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের সম্মানী, প্রতিবন্ধী ভাতা এবং শহীদ জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচিসহ নানা যুগান্তকারী প্রকল্প হাতে নেওয়া হয়েছে।” পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মন্ত্রী নিজের তহবিল থেকে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ লাখ এবং সনাতন ধর্মাবলম্বীদের সহায়তায় আরও পাঁচ লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকার অনুদান ঘোষণা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই অর্থ সুবিধাভোগীদের মধ্যে বণ্টন করা হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা থানার ওসি শফিউল আলম এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
Tag :

























