ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

- প্রকাশের সময় : ০৫:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 11

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না। দলটির মধ্যে গণতন্ত্রের চর্চা ছিল না দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ একটি স্বৈরতান্ত্রিক ও মাফিয়া শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে। গণঅভ্যুত্থানের মুখে দলটির নেতারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তাঁর দাবি, সরকারের হিসাব অনুযায়ী এ সংখ্যা ২ হাজারের বেশি। তিনি বলেন, গণহত্যা ও হত্যাকাণ্ডের জন্য দলটি এখনো ক্ষমা চায়নি বা দুঃখ প্রকাশ করেনি। বরং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে জঙ্গিবাদী আখ্যা দেওয়ার চেষ্টা করেছে।
আওয়ামী লীগের আবার গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনগণ দলটিকে সেই সুযোগ দেবে বলে তিনি মনে করেন না। কে কখন দেশে ফিরতে চাইছে, তা নিয়ে সরকার বিচলিত নয় উল্লেখ করে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। যে-ই দেশে আসুক, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের অভিযোগে সংসদ সদস্যের সন্তানকেও গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলতে চান না। মরদেহের ময়নাতদন্ত চলছে এবং প্রাথমিক তদন্ত শেষ হলে সব তথ্য জেনে এ বিষয়ে কথা বলবেন।


















