‘দায়িত্ব পালন করতে না পারলে হাতে চুড়ি পরে বসে থাকুন’, ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি
- প্রকাশের সময় : ০৩:৪৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 20
ঝিনাইদহে বিসিআইসি সারের নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে জেলা প্রশাসককে (ডিসি) দেয়া ডিলারশিপ বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই। দাবি পূরণ না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। রবিবার ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ আব্দুল হাই বলেন, ‘ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন প্রিন্স মহোদয় যাদের টাকার বিনিময়ে ডিলারশিপ দিয়েছেন, অবিলম্বে সেই ডিলারশিপ বাতিল করুন। তা না হলে আজকের এই পায়রা চত্বরের মানববন্ধন থেমে থাকবে না। আপনাকে আমরা ঝিনাইদহে ডিসি হিসেবে দায়িত্ব পালন করতে দেব না। ঝিনাইদহ থেকে আপনাকে বিদায় নিতেই হবে।’
জেলা প্রশাসকের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমরা কাউকে অসম্মান করতে চাই না। সম্মানের সঙ্গে বলছি, আপনি নিজেকে সংশোধন করুন। এই অনিয়ম বন্ধ করুন এবং দুর্নীতির আখড়া বানিয়ে ফেলা জেলা প্রশাসকের কার্যালয়কে দুর্নীতিমুক্ত করুন। না হলে আপনি পদত্যাগ না করা পর্যন্ত আমরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করব। আমরা নিয়মতান্ত্রিক পথেই থাকতে চাই।’
বক্তব্যের একপর্যায়ে জেলা প্রশাসককে উদ্দেশ করে তিনি বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়, আপনি যদি মানুষ হন, তাহলে সঠিকভাবে দায়িত্ব পালন করুন। আর যদি বলেন, আমি মানুষ না, যথাযথ দায়িত্ব পালন করতে পারবো না তাহলে চুড়ি পরে বসে থাকুন। কিংবা আপনার হাতে আমরা চুড়ি পরিয়ে দেবো।’
মানববন্ধনে অধ্যক্ষ আব্দুল হাই অভিযোগ করেন, ঝিনাইদহে অন্যায় ও দুর্নীতি বেড়েছে। জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয়ে আত্মীয়কেন্দ্রিক নিয়োগ এবং নিয়োগ-বাণিজ্য হচ্ছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, জেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন নিয়োগে কত টাকার লেনদেন হয়েছে, তা তাদের জানা আছে।
মানববন্ধনে জামায়াতের জেলা নায়েবে আমির ও ঝিনাইদহ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল আলিম, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল এবং সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান, বিভিন্ন পর্যায়ের নেতা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
























