নওগাঁয় ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- প্রকাশের সময় : ০৩:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 4
নওগাঁ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার কীর্তিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ দক্ষিণপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে নুরু প্রামাণিক (৩৮) ও মৃত আবদুল লতিফের ছেলে কালাম হোসেন (৫২)।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলার ২ নম্বর কীর্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের উজ্জ্বলের পুকুরপাড়সংলগ্ন পাইকপাড়া মোড় থেকে মাগুরাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
























