কালুখালীতে লাইসেন্সহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
- প্রকাশের সময় : ০৭:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 159
রাজবাড়ীর কালুখালীতে বৈধ লাইসেন্স ও দক্ষ ল্যাব টেকনিশিয়ান ছাড়াই রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও প্রতিবেদন দেওয়ার অভিযোগে মনিকা মেডিকেল কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির স্বাস্থ্য অধিদপ্তরের বৈধ লাইসেন্স নেই। এ ছাড়া সেখানে কোনো দক্ষ ল্যাব টেকনিশিয়ানও নেই। এরপরও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দিয়ে আসছিল।
অভিযানে কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, ‘লাইসেন্স ছাড়া ও অদক্ষ জনবল দিয়ে ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে এ ধরনের অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।























