অভিজিৎকে প্রতিরোধমূলক গ্রেপ্তার দেখাল দিল্লি পুলিশ, মুক্তি পেলেন নেহা বোরা
- প্রকাশের সময় : ১১:১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 7
ভারতের রাজধানী নয়াদিল্লিতে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচিকে ঘিরে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে প্রতিরোধমূলক গ্রেপ্তার দেখিয়েছে দিল্লি পুলিশ। অন্যদিকে, একই কর্মসূচিকে কেন্দ্র করে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শুক্রবার কনট প্লেসে সিজেপির ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে তাঁদের আটক করা হয়েছিল। শনিবার ভোরে নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়।
দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় অভিজিৎ দীপকে গ্রেপ্তার করা হয়েছে। দিনের পরবর্তী সময়ে তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার কথা রয়েছে।
অন্যদিকে, দিল্লি পুলিশের আইনের ৬৫ ধারায় আটক নেহা বোরাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
সিজেপির আইনি বিভাগের প্রধান রত্না সিং অভিযোগ করেছেন, অভিজিৎকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে এবং তাঁর আইনজীবীরা এখনো তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিজিতের অবস্থান সম্পর্কে তথ্য প্রকাশ এবং আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবি জানান।
মুক্তি পাওয়ার পর নেহা বোরা অভিযোগ করেন, বৈধ কারণ ছাড়াই বিক্ষোভকারীদের আটক করে ঘণ্টার পর ঘণ্টা হেফাজতে রাখা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়ানোর উদ্দেশ্যেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
নেহা বোরা অভিজিৎ দীপকেসহ আটক অন্য বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তির দাবি জানান। তাঁর ভাষ্য, আন্দোলনকারীরা জবাবদিহি ও ভোটাধিকারের দাবি জানাচ্ছেন। তাঁদের আটক করে দীর্ঘ সময় থানায় রাখা অযৌক্তিক।
এর আগে শুক্রবার সিজেপি ও আইসা তাদের নেতাদের আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। সংগঠন দুটির অভিযোগ, আটকের পর তাঁদের আইনজীবী কিংবা পরিচিতজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি। সিজেপির দাবি, অভিজিৎকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না।
সূত্র: এনডিটিভি























