আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার
- প্রকাশের সময় : ০৫:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 9
নওগাঁর আত্রাইয়ে পুলিশের বিশেষ চেকপোস্টে চোরাই চার্জারচালিত অটোরিকশাসহ মো. নাসির উদ্দিন সাগর (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি নাটোর জেলার বাসিন্দা। পুলিশের দাবি, অটোরিকশাটি নাটোর থেকে চুরি করে নিয়ে যাচ্ছিলেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে আত্রাই থানা পুলিশের স্থাপিত বিশেষ চেকপোস্টে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। রাতের বেলায় চেকপোস্টে চার্জারচালিত অটোরিকশা তল্লাশির সময় চালক নাসির উদ্দিন সাগরকে সন্দেহজনক মনে হলে অটোরিকশাসহ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে নাসির উদ্দিন সাগর স্বীকার করেন, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে নাটোরের মাদ্রাসা মোড় থেকে দুই-তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির সহায়তায় অটোরিকশাটি চুরি করে নিয়ে আসেন তিনি।
পরে অটোরিকশার মালিক নাটোরের নারায়ণকান্দি গ্রামের লালু মিয়াকে খবর দেওয়া হলে তিনি আত্রাই থানায় এসে গাড়িটি শনাক্ত করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে আত্রাই থানায় মামলা করেন। শুক্রবার (১৬ অক্টোবর) মামলা নম্বর ১৩, দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া অপরাধ প্রতিরোধে রাতের বেলায় কয়েকটি চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলছে।























